ঢাকার নবাবগঞ্জে সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে মুন্সিগঞ্জের নয়াগাঁও তরুণ সংঘকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নবাবগঞ্জের গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব।
শুক্রবার বিকেলে সমসাবাদ গান্ধীর মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় নয়াগাঁও তরুণ সংঘ। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব।
তবে গোলের ব্যবধান বাড়াতে পাল্টা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে নয়াগাঁও তরুণ সংঘও। শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে ৩-২ গোলের জয় তুলে নিয়ে টুর্ণামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব।
জয়ের পর গালিমপুরের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। এখন টুর্ণামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব।
ক্লাবের সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দুর্জয় মাহমুদ সোহেল। এছাড়া উদ্বোধক হিসেবে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদ খান এবং গেস্ট অব অনার হিসেবে এলমা ট্রেডার্সেও প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, জিএম সারোয়ার, যুবদল নেতা আবেদ হোসেন ও ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন