রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন করেছে কারিতাস লাইট প্রকল্প। মঙ্গলবার (৬ অক্টোবর) কারিতাস লাইট প্রকল্পের ফার্মগেট কার্যালয়ের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডের তিনটি স্কুলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তিনটি স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের পরিবার, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শিশুদের নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা অসীম ক্রুশ বলেন, এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। একটি শিশুর সুন্দর ভবিষ্যতের প্রথম শর্ত নিরাপদ পরিবেশ। শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন, শিশুশ্রম, বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদক, সহিংসতা ও সব ধরনের শোষণ থেকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ে ভর্তি করলেই শিশুদের প্রতি দায়িত্ব শেষ হয় না। তাদের নিয়মিত পড়াশোনা, খেলাধুলা, বিনোদন এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। শিশুশ্রম নয়, শিক্ষা ও দক্ষতাই শিশুদের ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সচিব মো. আনোয়ারুল কবির, ফরিদ উদ্দিন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. ফজরুল রহমান, শিশু শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি জাহানারা বেগম ও কহিনূর বেগম, মো. দুলাল ভান্ডারী, মো. সাদ্দাম হোসেন, কমিটির সদস্য ঊর্মী বেগম, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা অসীম ক্রুশ, কারিতাস লাইট প্রকল্পের কর্মী ও মাঠ কর্মকর্তা, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুবিনা ও জাহানারা আক্তারসহ সংশ্লিষ্টরা।
পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ শিশুর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন