ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ তারিখ বিকাল প্রায় ৫টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার একটি দল পুরাতন তুইতাল এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. মনিরুজ্জামান।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে মো. ফরহাদ ওরফে ফাহাদ খান (৩২) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন কৌশলে পালিয়ে যায়।
পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ফরহাদ ওরফে ফাহাদ খানের বাড়ি নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল এলাকায়। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে ফজল শেখ (৪০), মামুন (২৫) এবং শহিদুল সিকদার (৩৫) এর নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও পলাতকরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
মন্তব্য করুন