ক্যাম্পাস জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ আর আনন্দ-আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের গেট টুগেদার ও পুনর্মিলনী।
বুধবার ( ৮ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিনগরের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে এ উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। এতে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা এক মিলনমেলায় শামিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন। এছাড়া শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সবনম জান্নাত, এবং প্রভাষক ফারিশতা সিদ্দিকী, ফারিয়া জাহান ও সোহেল হোসেন।
দীর্ঘদিনের চেনা ক্যাম্পাস, অ্যাসাইনমেন্টের ব্যস্ততা আর ক্লাসরুমের দিনগুলো পেরিয়ে আসা শিক্ষার্থীরা এদিন মেতে ওঠেন পুরোনো দিনের স্মৃতিচারণে। পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যম দুনিয়ায় পা রাখার পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সাথে আবার একত্রিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
বিভাগের কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের এই মেলবন্ধনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কেবল একাডেমিক ডিগ্রিই অর্জন করেনি, তারা বাস্তব কর্মক্ষেত্রেও বিভাগের নাম উজ্জ্বল করছে। এই ধরনের আয়োজন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করে।’
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার আহ্বান জানান।
আনন্দঘন এই আয়োজনটি শেষ হয় স্মৃতিচারণমূলক আড্ডা, ফটোসেশন এবং দুপুরের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে।
মন্তব্য করুন