নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঢাকার নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়নের দাবীতে তারা এ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাবী সম্বলিত প্লেকার্ড নিয়ে অবস্থান নেয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে আধঘন্টা অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফের অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করে তারা।
বিক্ষোভকারীরা জানান, প্রতি ৫ বছর পর পে-স্কেল বৃদ্ধির নিয়ম রয়েছে। সে অনুযায়ী ২০১৫ সালে ৮ম পে-স্কেল বাস্তবায়ন হয়েছিল। এ দীর্ঘ সময়ে পে-স্কেল বৃদ্ধি না হওয়ায় নিম্ম বেতনের কর্মচারীরা চরম দারিদ্রতায় দিন অতিবাহিত করছে। তারা আয়ের সাথে বর্তমান উর্দ্ধগতির দ্রব্যমূল্যের বাজারে বেসামাল হয়ে পড়েছে। এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তারা জানান।
মন্তব্য করুন